ভোট কেন্দ্র ও গণনাস্থলে পর্যাপ্ত আলো ও বিকল্প ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ ও ভোট গণনার কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও গণনাস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় রেখে আগেভাগেই বিকল্প আলোর ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা–২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ভোট গ্রহণ ও ভোট গণনার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পাদনের জন্য আলোর স্বল্পতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোটার কর্তৃক ব্যালট পেপারে সঠিকভাবে ভোট প্রদান, ব্যালট বাক্সে ব্যালট সংরক্ষণ, ব্যালট পেপার যাচাই এবং ভোট গণনার প্রতিটি ধাপ নির্ভুলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আলো অপরিহার্য। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটারদের গোপনীয়তা ও স্বাধীনভাবে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ (মার্কিং প্লেস) স্থাপন করতে হবে। এসব কক্ষ পরিষ্কার, আলোকসজ্জিত ও নিরাপদ হতে হবে এবং এমনভাবে স্থাপন করতে হবে, যাতে ভোটাররা সহজে প্রবেশ করে ভোট প্রদান শেষে নির্বিঘ্নে বের হতে পারেন।
পরিপত্রে নির্বাচনী ক্যাম্প স্থাপন সংক্রান্ত বিধানও পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। একই সঙ্গে ভোটকেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দীর মধ্যে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বা অন্য কোনো প্রচারপত্র থাকলে ভোট গ্রহণ শুরুর আগেই তা অপসারণ করতে হবে।
কেউ যাতে ভোটের জন্য ক্যানভাস করতে না পারে কিংবা ভোটদানে উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারে—সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।
ভোটার পরিবহন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা সমর্থকেরা ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে ইসি।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের দিন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচনী দ্রব্যাদি ব্যবহারে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































