বাংলাদেশ বিমানের এমডি শফিকুরের নিয়োগ বাতিল, অতিরিক্ত দায়িত্বে হুমায়রা

ফৌজদারি মামলায় কারাবন্দি থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সাময়িকভাবে সংস্থাটির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, ফৌজদারি অভিযোগে কারাবন্দি থাকায় ড. মো. শফিকুর রহমানের সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের একই তারিখের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম সচল রাখতে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ আদেশ জারি করা হয়েছে। অফিস আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
এই সিদ্ধান্তের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র জানায়, সংস্থাটির চলমান প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সংকটের প্রেক্ষাপটে এ পদ পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিমানের পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং সেবার মান নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই এই পরিবর্তন এলো।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান শিশু নির্যাতনের অভিযোগে তার স্ত্রীসহ বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় আরও দুই গৃহকর্মীকেও আটক করা হয়েছে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার শীর্ষ কর্মকর্তার বাসায় সংঘটিত এ অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি করেছে।
(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































