শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সঙ্গে সঙ্গে প্রচার-প্রচারণার সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়ের পর থেকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত মিছিল, জনসভা কিংবা মাইকিং সম্পূর্ণ নিষিদ্ধ।
গত ২২ জানুয়ারি থেকে টানা ২০ দিন ধরে চলা নির্বাচনী প্রচার শেষ করে প্রার্থীরা এখন ভোটের প্রস্তুতিতে ব্যস্ত। একই সঙ্গে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
ভোট উপলক্ষে বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে, জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। ৫ আগস্টের আন্দোলন ঘিরে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
সারা দেশে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এসব কেন্দ্রে মোট বুথ (ভোটকক্ষ) ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। এর মধ্যে পুরুষ বুথ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী বুথ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ঢাকা বিভাগে। গাজীপুর-২ আসন সবচেয়ে বড় নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত, যেখানে কেন্দ্রের সংখ্যাও তুলনামূলক বেশি।
এবারের নির্বাচনে ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপার পাবেন। একটি সংসদীয় আসনের প্রার্থীর জন্য এবং অন্যটি সংবিধানের মৌলিক পরিবর্তনসংক্রান্ত ‘জুলাই সনদ’ অনুমোদনের পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার জন্য।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৯ লাখ ৭০ হাজার ৯৪৮ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন জন, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমানবাহিনীর তিন হাজার ৭৩০, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ডের তিন হাজার ৫৮৫, পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩, র্যাবের ৯ হাজার ৩৪৯ এবং আনসার ও ভিডিপির পাঁচ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন সদস্য রয়েছেন। পাশাপাশি ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।
নির্বাচন উপলক্ষে আজ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, কার ও ইজিবাইক চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রচারের শেষ দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭সহ রাজধানীর বিভিন্ন আসনে মোট আটটি পথসভায় অংশ নেন এবং রাতে বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও গণমিছিলে অংশ নিয়ে সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেন।
এদিকে, গত ২ ফেব্রুয়ারি রাতে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রতিটি ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এখন দেশবাসীর দৃষ্টি কেবলই ভোটের দিনের দিকে।
(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































