যে চার উপদেষ্টার সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা যায়, ১৮ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। আর কমেছে ৩ জনের।
মঙ্গলবার প্রকাশিত এ বিবরণীতে গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। সম্পদের হিসাবের ক্ষেত্রে মোট পরিসম্পদ প্রকাশ করা হয়েছে, যা মূলত স্থাবর ও অস্থাবর সম্পদের সমষ্টি।
প্রকাশিত বিবরণীতে দেখা যায়, সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে চার উপদেষ্টার। তারা হলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রায় পোদ্দার ও অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাদের সম্পদ কোটি টাকার বেশি বেড়েছে।
এছাড়া তৌহিদ হোসেন, সি আর আবরার, শেখ বশিরউদ্দীন, আলী ইমাম মজুমদারের সম্পদ বেড়েছে ৫২ থেকে ৬২ লাখ টাকা পর্যন্ত।
আর শারমীন এস মুরশিদ, এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হোসেন, মুহাম্মদ ফাওজুল কবির খান, ফারুক–ই–আজম, ফরিদা আখতার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও অধ্যাপক আসিফ নজরুলের সম্পদ বেড়েছে ১৩ থেকে ২৯ লাখ টাকা পর্যন্ত। সালেহউদ্দিন আহমেদ ও নূরজাহান বেগমের সম্পদ বেড়েছে ৪ থেকে ৯ লাখ টাকা পর্যন্ত।
প্রকাশিত সম্পদের হিসাবের সঙ্গে উপদেষ্টাদের কারও কারও ব্যাখ্যাও রয়েছে। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে গৃহসম্পত্তি ও কৃষি সম্পত্তি এবং ব্যবসায় থেকে আয়ের কারণে সম্পদ বেড়েছে।
অন্যদিকে, সৈয়দা রিজওয়ানা হাসানের ১ কোটি ১৩ লাখ, মোস্তফা সরয়ার ফারুকীর প্রায় ১২ লাখ ও সুপ্রদীপ চাকমার ১৬ লাখ টাকার সম্পদ কমেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের উপদেষ্টারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। উপদেষ্টা পদে থাকাকালে তারা বেতন–ভাতা ছাড়াও অন্যান্য সরকারি সুবিধা পেয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































