দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রের হিসাবে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ প্রার্থী। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































