ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা চলছে। দেশের ২৯৯টি আসনে (একটি আসনে প্রার্থীঅর মৃত্যুর কারণে স্থগিত) আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। এরপর শুরু হয় ভোট গণনা।
যেসব কেন্দ্রে বিকেল সাড়ে চারটার মধ্যে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন, তাদের ভোট গ্রহণ শেষে সেখানে গণনা শুরু হয়।
সকাল সাড়ে সাতটায় দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা নয় ঘণ্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়।
দীর্ঘ ১৮ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছোটখাট দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন ফলাফল ঘোষণার পরও সবাই ঐক্যবদ্ধ ও শান্তি বজায় রাখেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হয়। এরপর পৃথকভাবে দুই ধরনের ব্যালট গণনা করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।
ভোটের দিন বিভিন্ন স্থানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও কেন্দ্র দখল ও জালভোটের চেষ্টার অভিযোগ উঠেছে। কিছু জায়গায় হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন। খুলনায় উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর মোতায়েনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোথাও ভোটগ্রহণ স্থগিত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের এক নেতা। তাদের অভিযোগ, ওই কেন্দ্রগুলোতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।
ভোট পরিচালনায় ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং কর্মকর্তা ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
২৯৯ আসনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন, পুরুষ এক হাজার ৯৪৬ জন।
নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমানবাহিনীর সাড়ে তিন হাজার, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫, পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র্যাবের ৯ হাজার ৩৪৯, আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিএনসিসির ১ হাজার ৯২২ সদস্য দায়িত্ব পালন করছেন।
এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































