ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু, এমপিদের শপথ পড়াবেন সিইসি ও নতুন মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬
অ- অ+

বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদীয় ইতিহাসে এটি বিরল ঘটনা, কারণ স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় প্রধান নির্বাচন কমিশনার সরাসরি নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ করাবেন।

সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, সকালের শপথে এমপিরা একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ গ্রহণ করবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় বোর্ডের সভায় আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত হবেন। নির্বাচিত সংসদ নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আবেদন করবেন এবং রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরবর্তীতে মনোনীত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রাপ্ত ভোটের হিসেবে বিএনপি পেয়েছে ৪৯.৯৭ শতাংশ।

দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে, যেখানে ভোটের হার ৩১.৭৬ শতাংশ। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আপাতত আদালতের নির্দেশনার কারণে স্থগিত রাখা হয়েছে।

দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলের মূল শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি দেশব্যাপী উদযাপনের জন্য মানিক মিয়া অ্যাভিনিউসহ দেশের ৬৪টি জেলায় বড় পর্দার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। জনসমাগম ও নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া সংসদ এলাকা নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অসংখ্য অতিথি উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। এই অনুষ্ঠান দেশের ইতিহাসে তিন দশক পর নতুন প্রধানমন্ত্রী ও নতুন ধারার সরকার গ্রহণের প্রতীক হয়ে থাকবে।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা