সংরক্ষিত আসনে নির্বাচন
রোজার মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন আয়োজন নিয়ে গত দুদিন বৈঠক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আসন্ন রোজার মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আয়োজন করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। খুব শিগগিরই সংরক্ষিত মহিলা আসনের পাশাপাশি সংসদের দুটি সাধারণ আসন—বগুড়া-৬ ও শেরপুর-৩—এর তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে। তবে এ দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোজার ঈদের পর।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১১টি আসনে জয় লাভ করে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম-২ ও ৪ আসন বাদে ২০৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে। মিত্রদলসহ মোট ২১৪ জন সংসদ-সদস্য নিয়ে বিএনপি ও তাদের জোটভুক্ত দলগুলো ৩৫-৩৬টি সংরক্ষিত মহিলা আসন পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হওয়ায় তারা ১৩টি সংরক্ষিত মহিলা আসন পেতে পারে। এছাড়া সাতজন স্বতন্ত্র সদস্যের পক্ষে একজন মহিলা সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে।
ইসি সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। বৈঠকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা প্রণয়ন, দল ও জোটভিত্তিক আসন বণ্টন এবং আইন-বিধিমালা পর্যালোচনা নিয়ে আলোচনা হয়েছে। যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী দল ও জোটের অনুপাতে সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হবে। সাধারণত প্রতিটি আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয় না। তবে এবারের মনোনয়নপত্র ও হলফনামায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। প্রার্থীদের দেশ-বিদেশে থাকা সম্পদের হিসাব জমা দিতে হবে।
এদিকে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল রোজার মধ্যেই ঘোষণা করা হলেও ভোট হবে ঈদের পর। রোজার মধ্যে নির্বাচনি প্রচারণা এড়াতে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































