সচিবালয়ে নিজ দপ্তরে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৯
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসে দাফতরিক কাজে যোগ দিয়ে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ নিজ দপ্তরে অফিস শুরু করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এদিন সকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জাতীয় স্মৃতি সৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িবহর সচিবালয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পর সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন সরকারপ্রধান।

চিরাচরিত নিয়মে প্রধানমন্ত্রীর গাড়িতে শোভা পায় লাল-সবুজের জাতীয় পতাকা। একই সময়ে সচিবালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তারা জানান, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ করবেন নতুন সরকার।

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে সকাল থেকেই সচিবালয় ছিল সাজসজ্জায় সুশোভিত। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়। করিডোরজুড়ে রাখা হয় সতেজ ফুলের টব। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ