জাতীয় পতাকা উত্তোলন সংক্রান্ত বিভ্রান্তি: আনসার-ভিডিপির স্পষ্টীকরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২
অ- অ+

জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় পতাকা উত্তোলনে বিতর্কের সৃষ্টি’ শিরোনামে প্রকাশিত কিছু সংবাদ বাস্তব ঘটনার পূর্ণাঙ্গ প্রতিফলন নয় এবং তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে প্রতীয়মান। এর ফলে জনমনে অনভিপ্রেত বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার-ভিডিপি একাডেমিতে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একাডেমির প্রতিটি স্থাপনায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলিত ছিল।

একই দিনে ১২০ ফুট উচ্চতার নবনির্মিত সুউচ্চ পতাকা-স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান ছিল পৃথক আয়োজন, যা বাহিনীর সদস্যদের জন্য প্রেরণামূলক ড্রিল আকারে দুই পর্বে সম্পন্ন হয়। অনুষ্ঠানের একটি অংশকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করে বাহিনী।

আনসার বাহিনী তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি বাহিনী হিসেবে অন্যান্য বাহিনীর ন্যায় আনসার-ভিডিপিও জাতীয় পতাকার পাশাপাশি নিজস্ব বাহিনীর পতাকা উত্তোলন করে থাকে, যা বাহিনীর ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। উদ্বোধনী আয়োজনে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা পর্যায়ক্রমে উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং পুরো কার্যক্রম প্রটোকল ও শিষ্টাচার মেনে পরিচালিত হয়েছে।

জাতীয় পতাকার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করা বাহিনীর সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শহীদদের আত্মত্যাগের অবিনাশী প্রতীক—এর প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

বাহিনী গণমাধ্যম ও নাগরিক সমাজকে প্রকৃত তথ্য যাচাই করে বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়ে জানায়, ভবিষ্যতে এ ধরনের আনুষ্ঠানিক কর্মসূচিতে সময়সূচি ও প্রটোকল বিষয়ে আরও সুস্পষ্ট সমন্বয় নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তির সুযোগ না থাকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল, সম্পাদক বাবু 
জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জানুন নতুন তারিখ