দুবাই থেকে ঢাকায় এল ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইট

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকায় এসেছে। দুবাই থেকে আসা এই ফ্লাইটে এসেছে ৪০৫ যাত্রী।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।
এর আগে প্রথম ফ্লাইটটি গত বুধবার ৪ মার্চ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গতকাল সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এই ফ্লাইটে ৩৭৮ জন যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।
জানা গেছে, ৪৩৬ আসনের এয়ারবাস এ ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ইউএস-বাংলার বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হয়েছে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































