‘এসি চালানো শিখতে বিদেশ ভ্রমণ’ সংবাদ বিভ্রান্তিকর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র সফরটি ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তরের ‘আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হার্ট চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা’ প্রকল্পের আওতায়। এখানে হিটিং, ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ নেওয়া হয়েছিল। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল নিরাপদ ব্যবস্থাপনা, সঠিক রক্ষণাবেক্ষণ ও কার্যকর অপারেশনের ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা।
মন্ত্রণালয় জানিয়েছে, আটজন কর্মকর্তাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সফর অনুমোদিত হয়েছিল গত ৩ ফেব্রুয়ারি। প্রশিক্ষণের সব ব্যয়ভার বহন করেছে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান, তাই বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় হয়নি। অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানো হবে এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংশ্লিষ্ট হাসপাতাল নির্মাণের কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। HVAC সিস্টেম (তাপন, বায়ুসঞ্চালন ও শীতাতপ নিয়ন্ত্রণ) সরবরাহ ও কার্যকর হলে হাসপাতাল আধুনিক ও পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম হবে। মন্ত্রণালয় এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































