সারা দেশে ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশে ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় যাবেন।
সেখানে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া–বলরামপুর খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ওই স্থানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালের ডিসেম্বরে যশোরের শার্শায় উলাশী-যদুনাথপুর খাল খনন শুরু করেন। পরে পর্যায়ক্রমে মানিকগঞ্জের শিবালয়ে কাশাদহ খাল, নেত্রকোনায় তিলকখালী খাল, বাগেরহাটের বড়বাড়িয়া খালসহ সারা দেশের আনাচে কানাচে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন ছিল সময়ের অনিবার্য প্রয়োজন ও তাৎক্ষণিকতার সিদ্ধান্ত।
জিয়াউর রহমান তার দূরদর্শিতা ও বুদ্ধিমত্তা দিয়ে খাল খনন কর্মসূচির মাধ্যমে একটি যুগান্তকারী মডেল গড়েন। মডেলটির বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে দেন আলাদা পরিচিতি। গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে শুরু করা খাল খনন কর্মসূচির তাৎক্ষণিকতায় বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখার ব্যবস্থা হয়েছে। ঐ কর্মসূচিটি কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) মাধ্যমে পরিচালিত হলেও প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার বাইরে চলেছিল কাজটি। যেখানে স্থানীয় পুলিশ, বয়স্ক ও যুবকরা স্বেচ্ছায় খাল খননে অংশগ্রহণ করতেন।বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে পড়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টি এবং খালনির্ভর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের।
(ঢাকাটাইমস/১৬ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































