জ্বালানি সংকটে পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, উদ্বেগে মালিকরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। বৈশ্বিক সরবরাহে ঘাটতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রবিবার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বর্তমানে দেশের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি অত্যন্ত নাজুক। কোম্পানি থেকে সরবরাহকৃত দৈনিক তেল দিয়ে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
এর ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না ভোক্তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘসময় ধরে বিরামহীনভাবে কাজ করতে হওয়ায় পাম্পে কর্মরতদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। পর্যাপ্ত জনবল ও সরবরাহের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সবমিলিয়ে, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে যেকোনো সময় সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি। এতে পরিবহন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের মতামত।
(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































