টানা ৫ দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎচমকানো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থার বিষয়ে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।
২৩ মার্চের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ মার্চ থেকে বৃষ্টির পরিধি বাড়তে শুরু করবে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
২৫ মার্চে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। পরদিন ২৬ মার্চেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































