স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতেও শ্রদ্ধা জানানো হবে।
এদিকে, সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী এবং স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/২৬ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































