পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, ১৩:৩০
অ- অ+

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দেশের ৬৪ জেলায় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি জানান, ৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, “যারা পে স্কেলের প্রত্যাশা করেন, তাদের সবাইকে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।” আংশিকভাবে হলেও নতুন পে স্কেল বাস্তবায়ন ২২ লাখ কর্মচারী ও তাদের পরিবারের দীর্ঘদিনের দাবি বলেও উল্লেখ করেন তিনি।

আবদুল মালেক অভিযোগ করেন, ২০১৫ সালে তৎকালীন সরকার সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। ওই সময় তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড বাতিল করে অনেক কর্মচারীকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। পরিবর্তে চালু করা উচ্চতর গ্রেড ব্যবস্থা বাস্তবে কোনো সুফল দেয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বেতন সমন্বয়ের কথা থাকলেও তা কার্যকর করা হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় পে কমিশন গঠন করে সুপারিশ প্রণয়ন করলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

আবদুল মালেকের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে প্রজ্ঞাপন জারি করে পে স্কেল বাস্তবায়ন করতে পারত। কিন্তু বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “বাজেটে বরাদ্দ রাখার পরও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।”

বিবৃতিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারীরা চরম দুর্ভোগে আছেন। অনেকেই অতিরিক্ত আয়ের জন্য অফিস শেষে বা ছুটির দিনে বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন, যা একটি রাষ্ট্রের কর্মচারীদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গত এক দশকের বেশি সময় বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। ফলে কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ রেখে তা আংশিকভাবে হলেও বাস্তবায়নের দাবি জানান আবদুল মালেক। একই সঙ্গে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা