করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন কেনায় মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় ২০২০-২১ অর্থবছর থেকে ভ্যাকসিন ও সংক্রান্ত সরঞ্জাম কেনার জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ ছিল। এ থেকে বর্তমানে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে।
ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতে খরচের মধ্যে সিরিঞ্জ ক্রয়ে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, পরিবহনে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ হিসেবে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা ব্যয় হয়েছে।
ভ্যাকসিন কেনায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কিনা—সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক অবস্থায় ফেরার পথ সুগম হয়েছে।
(ঢাকাটাইমস/৭ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































