১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৫৮
অ- অ+

স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর করা তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্য পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে আরও ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।

সংসদে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, COVID-19 মহামারি মোকাবিলায় ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও ক্রয়ে মোট ৪ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটির বেশি টাকা।

তিনি বলেন, সিরিঞ্জ ক্রয়ে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা এবং এসব সরঞ্জাম দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে পরিবহন বাবদ ব্যয় হয়েছে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা। এছাড়া সিরিঞ্জ শিপিং চার্জ হিসেবে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা।

ভ্যাকসিন ক্রয়সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা