ডিসির বিরুদ্ধে অভিযোগ তুলে ভাইরাল অডিও, ইউএনও হোসনে আরার আবারও বদলি

ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে পুনরায় বদলি করা হয়েছে। সর্বশেষ তাকে সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হোসনে আরাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া অডিওতে হোসনে আরাকে এক সাংবাদিকের সঙ্গে ফোনালাপে বিভিন্ন অভিযোগ তুলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেন, জেলা প্রশাসক তাকে অর্থসহ অনৈতিক প্রস্তাব দেন। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে।
অডিওতে তিনি আরও অভিযোগ করেন, তাকে একাধিকবার অনিয়মিত বরাদ্দ নিতে চাপ দেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবেও অগ্রহণযোগ্য আচরণের শিকার হতে হয়েছে।
এর জেরে কয়েক দিন আগে তাকে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার তালায় বদলি করা হয়। সর্বশেষ আবার তাকে রাজশাহীতে স্থানান্তর করা হলো।
এ বিষয়ে জেলা সচেতন সমাজের প্রতিনিধি ও মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ বলেন, সরকার যেখানে নারীর ক্ষমতায়নের কথা বলছে, সেখানে একজন নারী কর্মকর্তার সঙ্গে এমন আচরণ উদ্বেগজনক। বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।
তবে এ বিষয়ে ইউএনও হোসনে আরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
(ঢাকাটাইমস/৭ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































