আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার কমিশন নতুন দাম ঘোষণা করে। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটারপ্রতি দাম ১.৩২১৬ ডলার থেকে বেড়ে ১.৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) করা হয়েছে।
এর আগে গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম এক লাফে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। আরও আগের ৮ মার্চও অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে ১১২ টাকা ৪১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০.৬২ ডলার থেকে ০.৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্স পরিচালন ব্যয়ের বড় অংশ জ্বালানি খাতে ব্যয় হয়। ফলে দফায় দফায় জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি ভাড়া ও পরিচালন খরচে পড়তে পারে। আন্তর্জাতিক রুটেও একই কারণে যাত্রীদের জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































