হঠাৎ কেন কমিয়ে আনা হলো ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ?

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ কমিয়েছে সরকার। এক বছরের পরিবর্তে এখন থেকে তিনি ছয় মাস এ সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই মাস পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে ড. ইউনূসের জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সুরক্ষা সুবিধার মেয়াদও এক বছর থেকে কমে ছয় মাসে নেমে এসেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাঁকে এ মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছিল।
তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে প্রায় দেড় বছর মেয়াদি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































