বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ

বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশইনের চেষ্টার ঘটনায় শূন্যরেখায় অবস্থানরত কয়েকজনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোরে শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করা ১০–১২ জন নারী-পুরুষকে সরিয়ে নেওয়া হয় বলে স্থানীয় ও সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত কয়েক দিন ধরে সীমান্তের শূন্যরেখায় এসব ব্যক্তি অবস্থান করছিলেন। সকালে সেখানে আর কোনো উপস্থিতি দেখা যায়নি বলে জানিয়েছে সীমান্তে টহলরত বাহিনী।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং স্বাভাবিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, রোববার রাত থেকে বিজিবির টহল জোরদার করা হয়েছিল এবং পুশইনের একটি চেষ্টা প্রতিহত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে ভারতের নরহরিপুর এলাকায় কয়েকটি ট্রাকে করে বিপুলসংখ্যক মানুষকে জড়ো করা হয়। পরে সীমান্তের আলো নিভিয়ে নারী-পুরুষ ও শিশুসহ কয়েকজনকে শূন্যরেখার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তবে বিজিবির বাধার মুখে ওই চেষ্টা সফল হয়নি।
এদিকে সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে বুধবার দুপুরে সাদিপুর সীমান্তে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পরিদর্শন শেষে তিনি বলেন, সীমান্তে পুশইন, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় বাংলাদেশকে আরও কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনোভাবেই পুশইন মেনে নেবে না এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পরবর্তীতে বেনাপোল বাজার এলাকায় এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে চারজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। তবে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
সীমান্ত এলাকায় সাম্প্রতিক পুশইন চেষ্টা ও পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে সীমান্তে বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































