নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এ তথ্য নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পরপরই ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
ভারতীয় কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতের ৯ জন ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকরা রয়েছেন। আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরাও রয়েছেন।
আহতদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা সংক্রমণের ঝুঁকি কমাতে রোগীদের সঙ্গে সরাসরি শারীরিক সংস্পর্শ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তারা নিয়মিতভাবে আহত বাংলাদেশি নাগরিকদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। সংকটময় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































