লালমনিরহাটের ফলিমারীতে শিশুর মরদেহ উদ্ধারে সংঘর্ষ, এসপিসহ আহত ৩০

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১২:০৪
অ- অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা পুলিশ সুপার (এসপি) ও পুলিশের সদস্য, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল নন্দিনী রায় (৭)। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে সদ্য খোঁড়া মাটির নিচ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সন্দেহভাজন বিধান চন্দ্র রায়কে সোমবার বিকেলে ভুট্টা ক্ষেত থেকে কোদালসহ বের হতে দেখা যায়। এ সন্দেহের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী তার বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। তারা হলেন বিধান চন্দ্র রায় (২২) ও তার বাবা রঞ্জিত কুমার রায়। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ।

এদিকে, উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিক আহত হন। বিক্ষুব্ধরা জেলা প্রশাসকের (ডিসি) গাড়িসহ অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করে।

অবস্থার অবনতি হওয়ায় ওসির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিখোঁজ শিশুর বিষয়ে জিডি গ্রহণ না করার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হককে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা এখনও বিরাজ করছে।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনাও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস, আয় কমেছে ৬৯ কোটি ইউরো
ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি হলেন বাংলাদেশের নাহিদা সোবহান
এআইয়ের যুগে চাকরির বাজারে বড় ধাক্কা, ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে খেলেন গরম কালাই রুটি, প্রশংসা করলেন আমের স্বাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা