ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি: জরিপ

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তেহরানই জয়ী হয়েছে বলে মনে করেন অধিকাংশ ইসরায়েলি। এক জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ ইসরায়েলি বলেছেন, যুদ্ধের ফলাফল ইরানের পক্ষেই গেছে। ইসরায়েলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হিব্রু বিশ্ববিদ্যালয় পরিচালিত ওই জরিপে অংশগ্রহণকারীদের ৮২ দশমিক ৯ শতাংশের মতে, এই যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তা আরও দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের সামগ্রিক ফলাফলকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।
জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ নিয়ে যে সাফল্যের দাবি করে আসছেন, তা তাঁরা বিশ্বাস করেন না। নেতানিয়াহু বারবার দাবি করেছেন, তিনি ইসরায়েলের অস্তিত্বের প্রতি হুমকি দূর করতে সক্ষম হয়েছেন। তবে জরিপের ফল বলছে, এ দাবির প্রতি জনসমর্থন খুবই কম।
এ ছাড়া ৫৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।
জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে। অংশগ্রহণকারীদের ৪৮ দশমিক ২ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপত্তি জানালেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আবারও সামরিক অভিযান শুরু করা উচিত।
গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে একটি গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় জরিপটি পরিচালনা করে হিব্রু বিশ্ববিদ্যালয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন।
সাম্প্রতিক সময়ে ইরান–ইসরায়েল যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা নিয়ে ইসরায়েলের ভেতরে ব্যাপক বিতর্ক চলছে। যুদ্ধের ফলাফল ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে দেশটির জনমতের বড় একটি অংশ যে অসন্তুষ্ট, জরিপের ফলাফলে তারই প্রতিফলন দেখা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































