মঙ্গোলিয়ায় আন্তর্জাতিক গণিত আসরে বাংলাদেশ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় (এমআইএমসি ২০২৬) অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২৪তম এই আসরের স্বাগতিক দেশ মঙ্গোলিয়া। উলানবাটর শহরে ২২ জুলাই শুরু হবে আয়োজন। সাত দিনের প্রতিযোগিতা শেষ হবে ২৭ জুলাই। গণিতের এই বৈশ্বিক আসরে ৩২টি দেশের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেবে।
১৫ সদস্যের বাংলাদেশ জাতীয় দলের ব্যবস্থাপনায় রয়েছে বাংলার ম্যাথ। তারা দুইটি ভিন্ন ক্যাটাগরি কি স্টেজ টু এবং কি স্টেজ থ্রি-এর মাধ্যমে গণিত প্রতিভা তুলে ধরবে। কি স্টেজ-টুর এর শিক্ষার্থীরা হচ্ছে: অরিজিৎ সাহা (৬ষ্ঠ শ্রেণি, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), আরিয ইনতিশার চৌধুরী (৬ষ্ঠ শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), লাবিবা বিনতে ফজলে রাব্বি (৬ষ্ঠ শ্রেণি, মাস্টারমাইন্ড স্কুল), অর্ণব রঞ্জন পাল (৫ম শ্রেণি, আনন্দনিকেতন স্কুল), রাজর্ষি সাহা (৬ষ্ঠ শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), তরজা তনূদ্ভব তম (৬ষ্ঠ শ্রেণি, সহজপাঠ উচ্চ বিদ্যালয়) এবং তাহমীদ হাসান (৫ম শ্রেণি, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)।
কি স্টেজ-থ্রিতে আছে: আলভিন খান (৯ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), সাকিন আল সাদাফ (৯ম শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), রিশান আন নাফি (৯ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মারজানা মানহা (৮ম শ্রেণি, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), বারীরাহ মোস্তাখার (৭ম শ্রেণি, স্কলাস্টিকা), মুবতাসিম আল মাহদি (৭ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো: ইমাদ আল দীন চোধুরী (৭ম শ্রেণি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) এবং ফাইজা আদিফাহ (৯ম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর)।
বাংলাদেশ দলের কোচ হিসেবে আছেন আহমেদ শাহরিয়ার, এস. এম. মাহতাব হোসাইন এবং মো. আশরাফুল আল শাকুর। তারা বলছেন, আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়া শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, এটা দেশের জন্যও মাইলফলক। কারণ এভাবে গণিত প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
গণিত চর্চায় বাংলাদেশের শিক্ষার্থীরা সম্ভাবনাময় বলে মনে করেন বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ মো. আশরাফুল আল শাকুর। তিনি বলছেন, ‘আমাদের শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা দুটোই রয়েছে। প্রয়োজন শুধু সঠিক মেন্টরিং। এটা হলে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ আরো সাফল্য অর্জন করতে পারবে।’
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































