পাঁচ জেলা নিয়ে বগুড়াকে নতুন বিভাগ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ২১:০৬| আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২১:১৬
অ- অ+

বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধাকে নিয়ে নতুন বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট চার জেলার জনপ্রতিনিধিদের সমর্থন রয়েছে এবং সরকার বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে বগুড়াকে বিভাগ করার দাবি দীর্ঘদিনের। গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সংসদ সদস্য ও মন্ত্রীরা এ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। এ কারণে বিভাগ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় প্রতিমন্ত্রী বগুড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, দ্বিতীয় যমুনা সেতু গাবতলী–সারিয়াকান্দি–মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শহরের যানজট কমাতে রেললাইনের ওপর দিয়ে ওভারপাস নির্মাণ এবং নিচ দিয়ে ট্রেন চলাচলের পরিকল্পনাও প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা জোরদারে জেলার থানাগুলোর জন্য নতুন পুলিশের গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি জেলার সব থানাকে পর্যায়ক্রমে মডেল থানায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠন এবং বগুড়া সিটি করপোরেশনকে মেট্রোপলিটন পুলিশিং ব্যবস্থার আওতায় আনার বিষয়েও কাজ চলছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়ার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং এ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর) সংশোধনের কাজও চলমান রয়েছে।

সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
দেশের বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক
প্রাইভেটকারে লিফট দেওয়ার কথা বলে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, ৫ লাখ টাকা আদায়, গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা