‘কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা হওয়া উচিত নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮
অ- অ+

জনগণের শতভাগ আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক পিএলসিকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শৃঙ্খলিত বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান গুণ হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা রক্ষা করা। কমিউনিটি ব্যাংকের নন-পারফর্মিং অ্যাসেট বা খেলাপি ঋণের স্বল্প হারের প্রশংসা করে তিনি বলেন, নিঃসন্দেহে দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনন্য দৃষ্টান্ত এবং এটি ব্যাংকের শৃঙ্খলারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর পরিচালনা পর্ষদ কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করে না, যা সাধারণ ব্যাংকের চেয়ে এই ধরনের ব্যাংককে আলাদা মাত্রা দেয়।

জনগণের আস্থা ও আমানত বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শুধুমাত্র পুলিশ সদস্যদের ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকলে ব্যাংকের সার্বিক ব্যবসা ও আমানত আশানুরূপ বৃদ্ধি পাবে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যেন নিশ্চিন্তে এবং আস্থা নিয়ে এখানে আমানত রাখতে পারেন—সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। গ্রাহকদের লোন ডিলিং, জামানত (Collateral) প্রক্রিয়া সহজীকরণ এবং লোন ডিসবার্সমেন্টে অহেতুক শর্ত বা জটিলতা না রেখে বিশ্বস্ত গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করতে হবে। সাধারণ ব্যাংকিং খাতের উদাহরণ টেনে তিনি বলেন, মাল্টিন্যাশনাল বা করপোরেট ব্যাংকগুলোর একমাত্র লক্ষ্য থাকে বছরের শেষে কত কোটি টাকা মুনাফা হলো তা হিসাব করা। কিন্তু কমিউনিটি ব্যাংকের উদ্দেশ্য কেবল মুনাফা অর্জন হওয়া উচিত নয়; তাদের মূল লক্ষ্য হতে হবে—তারা কত বেশি সাধারণ মানুষকে মানসম্মত সেবা দিতে পারলো।

কমিউনিটি ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিএসআর ফান্ডের টাকা রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কাউকে খুশি করার জন্য ব্যবহার করা যাবে না। রাজনৈতিক ব্যক্তিদের তোষামোদ না করে যেসব পুলিশ বা শৃঙ্খলিত বাহিনীর সদস্য দেশের জন্য জীবন দিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের পরিবারের পাশে দাঁড়ানোই হলো সত্যিকারের সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা। তিনি সম্প্রতি সাভারের আমিনবাজারে দুর্বৃত্তের হাতে নিহত পুলিশ সদস্যের অসহায় পরিবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ র‌্যাব কর্মকর্তার (বিজিবি সদস্য) পরিবারকে সিএসআর ফান্ড থেকে সার্বিক সহায়তা প্রদানের আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যেই কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে নিজের অবস্থান করে নিতে সক্ষম হবে। তিনি কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মো. মোরশেদ হাসান খান।

মন্ত্রী কেক কেটে কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। তাছাড়া তিনি পুলিশ সদস্যদের জন্য ব্যাংকটির 'বাইক লোন' ও 'স্বপ্নের বাড়ি' শীর্ষক হোম লোন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়াল পরিবেশনার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের বিগত সাত বছরের সাফল্য, গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সার্বিক কার্যক্রম চিত্রায়িত করা হয়। পরবর্তীতে ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের আমন্ত্রিত সুধীজন ও অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিত করানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!