তরুণ নির্মাতাদের জন্য আরটিভির নতুন প্লাটফর্ম

নির্মাণে তরুণদের উৎসাহিত করতে চমৎকার এক উদ্যোগ নিয়েছে বেসরকারি টেভি চ্যানেল আরটিভি। ‘তরুণ নির্মাতার নতুন গল্প’ শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে তারা। এই প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের প্রতিভাবান তরুণ নির্মাতারা।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে নির্বাচন করা হবে সেরাদের। আর সেই নির্মাতারা আরটিভির অর্থায়নে নাটক নির্মাণের সুযোগ পাবেন। সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া তেজগাঁও স্টুডিওতে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চ্যানেল কর্তৃপক্ষ।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘অনেক মেধাবী তরুণ নির্মাতা বিভিন্ন সময় ছোট নাটিকা বা তথ্যচিত্র নিয়ে এসে প্রচারের অনুরোধ করেন। আরটিভি সবসময় নতুন কিছু করে বলেই এই চ্যানেলটির কাছে তাদের এমন প্রত্যাশা। সে সকল মেধাবীদের জন্য এটি একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবেন। অন্তত ১০ জন তরুণ নির্মাতাকেও যদি আমরা তুলে আনতে পারি তাহলে আমাদের এ প্রচেষ্টা সফল হবে। তারাই অগ্রণী ভূমিকা রাখবে আগামীর ভিজ্যুয়াল বিশ্বে।’
আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ‘আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সৃজনশীল নাট্যনির্মাতা তৈরি করা। প্রতিযোগীদের নির্বাচিত নাটিকাগুলো আরটিভিতে প্রচার করা হবে এবং আরটিভি ড্রামা পেজে আপ করা হবে। সেখানে দর্শকদের ভোট এবং এসএমএসের মাধ্যমে নির্বাচন করা হবে সেরা তরুণ নির্মাতাদের।’

অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী বলেন,‘আরটিভি সর্বদাই নতুনত্বের পরিচয় দিয়ে এসেছে। এ প্রতিযোগিতাটি তারই ধারাবাহিকতা বলে আমি মনে করি। নির্মাতাই নাটকের ‘ক্যাপ্টেন অব দ্য শিফ’। তাই তাকে মেধাবী হতেই হবে। আরটিভি তাদেরকে সে সুযোগ করে দিয়েছে।’
অভিনেতা ও শিক্ষক জিয়া উদ্দিন কিসলু বলেন, ‘প্রতিশ্রুতিশীল নির্মাতা তৈরিতে এটি একটি অসাধারণ উদ্যোগ। এ তরুণরাই নাট্যাঙ্গণের শূণ্যস্থান পূরণ করবে।’
আরটিভির এ প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় থাকবেন অভিনেতা ও শিক্ষক জিয়া উদ্দিন কিসলু, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক নির্মাতা এস এ হক অলীক, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবিব নাসিম এবং অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী।
ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































