নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বিএনপি কোনোভাবেই অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তারা সবসময় নিজেদের লোকদের জিতিয়ে আনার জন্য রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে।’
শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন। রাজধানীর ১০০ ফিট রোডে এই সম্মেলন আয়োজন করা হয়।
ফখরুল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয়, তাহলে আমরা কোনো নির্বাচনে যাবো না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, আপনারা পদত্যাগ করুন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সংসদ বাতিল করুন, নতুন নির্বাচন কমিশন গঠন করুন। সে নির্বাচন কমিশনের অধীনে একটি জবাবদিহিমূলক নির্বাচন হবে এবং জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি এই দুঃসময়ে, এই দুর্যোগের সময় জনগণের কষ্টের সময় সরকার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে। পদ্মা সেতু উদ্বোধনের জন্য তারা এত ব্যস্ত, মানুষের দিকে তাকানোর কোনো সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর কোনো সময় নেই।’
ফখরুল বলেন, ‘আজকে সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে লালমনিরহাট, কুড়িগ্রাম সমস্ত অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে পদ্মা-মেঘনা-যমুনা সবগুলো নদীর পানি বাড়তে থাকবে। এদেশের মানুষকে ভাসিয়ে দেবে। বহুদিনের কষ্টে অর্জিত ফসলকে নষ্ট করবে, গবাদি পশুকে নষ্ট করবে, সমস্ত ঘরবাড়ি নষ্ট করবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ফারাক্কার পানি হঠাৎ করে যখন তারা গেট খুলে দেয় তখন অনেক ঢল চলে আসে, তা ঠেকানো যায় না। আজকে লালমনিরহাট সুনামগঞ্জে একই ঘটনা ঘটছে। আজকের সম্পূর্ণভাবে এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং তার যে জনগণের প্রতি অবহেলা সেটা প্রমাণিত। আমরা দাবি করছি, বন্যার্ত এলাকাগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং এসব অঞ্চলের জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক।’
ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮জুন/এইচএফ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































