অথচ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিলেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ৭০টিরও বেশি ছবির নায়িকা অপু বিশ্বাস। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের পর্দার রসায়ন গড়িয়েছিল বাস্তব জীবনেও। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। কিন্তু এ কথা জানতো না কাকপক্ষীও। যদিও ২০১৬ সালে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। ঠিক ওই সময়ই লাপাত্তা হয়ে যান অপু বিশ্বাস।
এরপর বিভিন্ন গণমাধ্যমে খবর আসতে শুরু করে, অপু বিশ্বাসকে বিয়ে করেছেন শাকিব খান। তারা সন্তানের অভিভাবক হতে চলেছেন। কিন্তু এসব খবরকে সে সময় ভালোভাবে নেননি কিং খান। ক্ষেপে গিয়েছিলেন তিনি। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন সেসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে, যারা তার এবং অপু বিশ্বাসের বিয়ের খবর প্রকাশ করেছিল।
২০১৬ সালের ৪ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে শাকিব খান লিখেছিলেন, ‘বাংলাদেশ প্রতিদিনসহ বেশ কিছু অনলাইন নিউজে শাকিব খান, অপু বিশ্বাসকে বিয়ে করছে এমন গুজব ছড়িয়ে নোংরামি শুরু করছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সংবাদটি নিতান্তই গুজব। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ রইল।’
অথচ কয়েক মাস না যেতে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরই সত্যি হয়। ২০১৭ সালের এপ্রিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস সন্তান কোলে নিয়ে একটি টিভি চ্যানেলে গিয়ে প্রকাশ করেন শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে, শাকিব খান তার ফেসবুক পোস্টে মিথ্যাচার করেছিলেন। তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার যে হুমকি দিয়েছিলেন, তাও ছিল অনুচিত।
অপু বিশ্বাসের সঙ্গে বিয়ের কথা দীর্ঘ ৯ বছর লুকিয়ে রেখেছিলেন বিতর্কিত এই নায়ক। তিনি নাকি অপুকেও বাধ্য করেছিলেন খবরটি গোপন রাখতে। এরপর ২০১৬ সালের মাঝামাঝি লাপাত্তা হয়ে যান নায়িকা। কলকাতায় গিয়ে জন্ম দেন ছেলে আব্রাম খান জয়ের। কয়েক মাস পর কলকাতা থেকে ফিরে এসে জানিয়ে দেন দীর্ঘ ৯ বছর লুকিয়ে রাখা কথা। বিনিময়ে পান ডিভোর্স লেটার।
এর কয়েক মাস না যেতে একই ঘটনা ঘটান শাকিব খান। গোপনে বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে। তার সন্তানের বাবাও হয়েছেন। যা প্রকাশ পেয়েছে গত শুক্রবার। যদিও শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তান জন্মদান নিয়ে বহু আগে থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। কিন্তু এবার আর কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেননি শাকিব খান।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এজে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































