ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:১৯| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩২
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল চারটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

দেশের স্বনামধন্য সাংবাদিক ঢাকাটাইমসের সম্পাদক ও সমাজসেবা প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান দোলন এলাকায় উন্নয়নের জন্য জনগণের মধ্যে বিপুলভাবে গ্রহণযোগ্য ও পরিচিত।

জানা যায়, প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে আজ শুনানিতে তা মঞ্জুর হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি।

প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনের সামনে মোহাম্মদ আরিফুর রহমান দোলন সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার যে কারণে আমার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ফরিদপুরে বলেছিলেন, আজকে আমি নির্বাচন কমিশনে প্রমাণ করতে সক্ষম হয়েছি- যে ১ শতাংশ ভোটারের সমর্থন ও স্বাক্ষর আমি রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছিলাম তা সঠিক ছিল।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটের পরিবেশ সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং’ করার দাবি জানিয়ে দোলন বলেন, ‘আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন এমন একটি পরিবেশ নির্বাচনের মাঠে রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন।

দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত দোলন বর্তমানে দৈনিক ঢাকটাইমস, টাকাটাইমস২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। কর্মজীবনে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-এর উপসম্পাদক এবং প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনে নিউজ এডিটর হিসেবেও কাজ করেন।

আরিফুর রহমান দোলন পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটিকে পরিচিত করে তুলেছেন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি মূলত শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা