‘নিষিদ্ধ দল, ব্যক্তি নয়’ লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ প্রসঙ্গে ইসি মাছউদ

সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি— এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিনে আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। আপিলে দাবি করা হয়, নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন।
শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী এ যুক্তি তুলে ধরলে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।’
শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে এবং তা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের মাধ্যমে টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার আইনি বাধা কাটল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































