আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:১২| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৩
অ- অ+

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিন অভিযোগের বিষয়ে আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে সরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সন্ধ্যা ৬টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা আমাদের অভিযোগ তিনটির বিষয়ে ইসি থেকে আশ্বস্ত হয়েছি। আমরা আরও আশ্বস্ত হতে চাই। তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা সাময়িকভাবে এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায়, কিংবা নির্বাচন চলাকালীন কোনো সিদ্ধান্ত গ্রহণে এদেরকে বাধ্য করে, তাহলে ছাত্রদল কী করতে পারে তা দুই দিনে দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের হুমকি দেবেন না। আপনাদের যা করার করেন, আমাদের কাজ আমরা করব।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করবে। আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রস্তুত থাকব, যাদের কারণে আমাদের এই দুই দিন এখানে অবস্থান করতে হলো। যদি সে ধরনের কোনো প্রচেষ্টা আবারও চালানো হয়, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্তির সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি— আবারও যদি কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত আসে, তবে আমরা তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি নিয়ে হাজির হব।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের চার সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় অতিরিক্ত সচিব আলী নেওয়াজ তাদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান। তার আহ্বানে উত্তরে রাকিব বলেন, আমরা দেখেছি, আপনারা প্রত্যাশা দেওয়ার পর আমরা যখন চলে যাই এরপরে জামায়াত কিংবা এনসিপির নেতারা আসলে আপনারা তাদের কথায় পাল্টে যান।

এ সময় আলী নেওয়াজ বলেন, আপনাদের তো পর্যবেক্ষণ করার সময় আছে, আপনারা পর্যবেক্ষণ করুন। দেখুন আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করি কি না। আমি অনুরোধ করবো, আপনারা আপাতত আন্দোলন স্থগিত করুন। জবাবে ছাত্রদল সভাপতি বলেন, আমরা গতকালও আপনাদের অনুরোধ শুনে আন্দোলন স্থগিত করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা আমাদের দাবিগুলো পূরণ করবেন। কিন্তু, আমরা দেখলাম আমাদের একটি দাবি ছাড়া আর কোনও দাবি বাস্তবায়ন হলো না।

তার এমন বক্তব্যের পরে অতিরিক্ত সচিব আলী নেওয়াজ আবারও তাদের আশ্বস্ত করার চেষ্টা করে। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, আমরা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানাচ্ছি। তবে আমাদের অনেক সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

পরে আলোচনা শেষে কর্মসূচি শেষ করার ঘোষণা দেন রাকিব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা