দেশজুড়ে আমির হামজার ওয়াজ-মাহফিল স্থগিতের ঘোষণা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নিজের নিরাপত্তা সংকট এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’
উল্লেখ্য, এর আগে বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান।
জেলার আমিরের মৃত্যুর পরপরই মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে লেখেন, ‘আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?’
(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































