দেশে উদার নাকি উগ্রপন্থি রাজনীতি থাকবে সেটা আগামী নির্বাচনে নির্ধারণ হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে লিবারেল ডেমোক্রেটিক (উদার গণতন্ত্রপন্থী) রাজনীতি থাকবে, নাকি উগ্রপন্থি রাজনীতি থাকবে সেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারণ হবে।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন আসছে। দেখা যাক কে কতটা ভোট পায়। সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি। আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকব, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই?
ফখরুল বলেন, আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে, এই দেশ কি লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে? নাকি আপনার সমস্ত উগ্রপন্থি রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে?
এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন হতে দেব না–এমন কথা যারা বলছে, তাদের কোনো ভোট নেই। ওই দলকে বড় বড় কথা বলা বন্ধের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি নিয়ে নানা অপপ্রচার হচ্ছে, এসব করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।
আলোচনা সভায় মির্জা আব্বাস অভিযোগ করেন, কয়েকটি আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়ার জন্য দুইটি দলের নেতারা এরই মধ্যে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করেছে। তারা চায় বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































