শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭
অ- অ+

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ায় আজ একটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করেছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্বের সূচনা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণ শুরু করা হবে।

ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম পরিচালিত হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শুনানির শুরুতেই মামলার প্রেক্ষাপট ও অভিযোগের সারসংক্ষেপ তুলে ধরে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য প্রদান করবে। এরপর এক নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রথম অভিযোগে বলা হয়েছে—২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইল এলাকায় জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটে। দ্বিতীয় অভিযোগটি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়ের, যেখানে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার দায় তার ওপর আরোপ করা হয়েছে। তৃতীয় অভিযোগেও একই ধরনের ঘটনায় আরও প্রায় ৫০ জনকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচারপ্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/৮ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী
এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান
চীনের সিচুয়ানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা