প্রতিমন্ত্রী হলেন কায়সার কামাল, নেত্রকোনায় আনন্দের জোয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৬
অ- অ+

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আসনজুড়ে আনন্দের জোয়ার বইছে।

কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে একই দিন বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্থানীয়দের মতে, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষ এতদিন মন্ত্রিসভায় সরাসরি প্রতিনিধিত্ব পাননি। ফলে ব্যারিস্টার কায়সার কামালের মন্ত্রিত্বকে তারা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।

শপথের পর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, তার প্রতিদান নিষ্ঠা ও সততার সঙ্গে কাজের মাধ্যমে দিতে চাই। এলাকার মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৬০ হাজার ৫৯১ জন ভোটার। বাতিল ভোটের সংখ্যা ছিল ৬ হাজার ৭৫৩টি এবং ভোটের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা