আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসে আনসার একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় প্রভাতে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১২০ ফুট উচ্চতার এই পতাকা-স্তম্ভটি দেশের সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। সুউচ্চ এ স্তম্ভে উড্ডীয়মান জাতীয় পতাকা একাডেমিতে প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদার প্রেরণা জাগ্রত করবে বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।’
তিনি আরও বলেন, ‘আজ মহান ভাষা শহিদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহিদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’
মহাপরিচালক উল্লেখ করেন, ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একাডেমিতে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি অবকাঠামো নয়; এটি ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে জাতির অগ্রযাত্রা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান স্মারক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































