ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঝিনাইদহ শহরের পবহাটী কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহরিয়ার রহমান শান্ত ও টোটন মিয়া। শান্ত শহরের আরাপপুর গ্রামের মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে এবং টোটন শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটী কলারহাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী শান্ত ও টোটন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত টোটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে আনার আগেই শান্তর মৃত্যু হয়েছে। টোটনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































