লটারি নয়, যোগ্যতা-দক্ষতায় এসপি-ওসি নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে আর লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ হবে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি ও ওসি পদে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল। তবে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং এতে স্বচ্ছতার ঘাটতি ছিল। ‘লটারি পদ্ধতিতে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যাশিত সেবা দিতে পারেন না,’—বলেন তিনি।
তিনি আরও বলেন, বড় জেলা ও ছোট জেলার কাজের ধরন ভিন্ন। কোথাও অপরাধ প্রবণতা বেশি, কোথাও প্রশাসনিক চ্যালেঞ্জ আলাদা। তাই জেলা ও থানাভিত্তিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উপযুক্ত, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়ন জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি নিয়োগে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতেই হবে। সংশ্লিষ্ট বিভাগ যাদের যোগ্য ও উপযুক্ত মনে করবে, তাদেরই পদায়ন করা হবে—এমন নির্দেশনা বৈঠকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষ দিকে অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করে। পরে ডিসেম্বরের শুরুতে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়। তবে শুরু থেকেই এ পদ্ধতি নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































