নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকিরের দায়িত্ব গ্রহণ

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাহারুল আলমকে সরিয়ে আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশ বাহিনীকে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামুখী কার্যক্রম জোরদারের আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আলী হোসেন ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে কর্মজীবন শুরু করেন।
তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ সদরদপ্তর এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।
তাছাড়া সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এর আগে নবনিযুক্ত আইজিপি বুধবার সকালে পুলিশ সদরদপ্তরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































