৮১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন।
আজ শনিবার (২৫ এপ্রিল) ভোরে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট পরিচালনায় শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যারা ৩৩টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডলের মৃত্যু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
(ঢাকাটাইমস/২৫ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































