গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিটিটিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬, ১৩:২৮
অ- অ+

সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে, সেই তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়ার কথা জানালেন সিটিটিসির যুগ্ম-কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি বলেন, আমরা এই তথ্যটা পেয়েছি এবং সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করছি।

তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির জঙ্গী দমনের জন্য গঠিত এই বিশেষায়িত ইউনিটের প্রধান।

তবে শঙ্কার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেছেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব।

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত’ বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করতে পুলিশ সদর দপ্তর যে নির্দেশনা দিয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে সিটিটিসি প্রধানের কাছে।

এর জবাবে তিনি বলেন, "এটাতো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় না। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী, যে স্থানগুলোর তথ্য এসেছে, আমরা এ বিষয়ে কাজ করব।"

যারা হামলার পরিকল্পনা করছে, তাদের শনাক্ত করা গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, "এটা নিয়ে আমরা কাজ করছি সুতরাং আমার মনে হয় এখন মন্তব্য করার সময় আসেনি।"

সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেপ্তার আছে জনতে চাইলে তিনি বলেছেন, "এ বিষয়ে আমার কাছে এখন স্পেসিফিক তথ্য নাই, ওটা আপনারা যা দেখেছেন, আমরা তাই দেখেছি।"

বিগত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘দেশে জঙ্গি নেই’ বলে মন্তব্য করে আলোচিত হন। এমনকি ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কীসের জঙ্গি’ এমন মন্তব্যও তিনি করেন।

এখন এমন 'হামলার শঙ্কার' মধ্যে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন কাছে সাবেক ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়।

তাহলে দেশে জঙ্গি আছে কি-না জানতে চাইলে তিনি একইভাবে বলেন, "দেখেন আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা পেলে অবশ্যই ব্যবস্থা নিব।"

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা
বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির স্থান নেই: মাহদী আমিন
সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে: তিতুমীর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা