দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সকালেই তীব্র ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখীর সময় আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের ঝুঁকি থাকে। তাই নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































