ঢাকাসহ সারা দেশে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকাসহ ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আজ রবিবার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সংস্থাটির আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান এই ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এতে জনজীবন ও নৌপথে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































