পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

ব্যবসায়িক সফরে পর্তুগাল পৌঁছালে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ সভাপতিত্ব করেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম ও সদস্য সচিব সোহাগ হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। বক্তারা প্রবাসীদের ঐক্য, দেশের অর্থনীতিতে তাদের অবদান এবং ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
নিজ বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না; তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের প্রধান শক্তি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে আপনাদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগের মানসিকতা আমার উন্নয়ন ভাবনার বড় ভিত্তি।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের শক্তিকে কেন্দ্র করেই আমি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী যে সুনাম অর্জন করেছেন, তা জেলার উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ সম্পদ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী ও বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং পর্তুগাল যুবদল নেতা এসএম কাউসার আলম।
এছাড়াও অনুষ্ঠানে জাসাস, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশ নেন জাহেদ আহমেদ, রাজন আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পরে প্রবাসীদের সঙ্গে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দীর্ঘ মতবিনিময় করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































