ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে যাত্রার চতুর্থ দিন অর্থাৎ ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি আজ (১৬ মে) শুরু হচ্ছে।
আজ শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চল রুটের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চল রুটের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে মোট পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি সম্পন্ন হয়েছে। ২৭ মে’র টিকিট আগামী ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বাধিক চারটি টিকিট কেনা যাবে। তবে অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া যাত্রী চাহিদা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা শুধুমাত্র উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































