সৌদি আরবে পৌঁছেছেন ৫৮,৩৪৭ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৫ জনের

চলতি বছর পবিত্র হজ পালনে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে হজ পালনের সময় সেখানে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের ২৮তম দিনের বুলেটিনের বরাতে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
বুলেটিন অনুযায়ী, মোট যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত ১৫০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
বিমান সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, Saudia এর ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
এদিকে হজ পালনে গিয়ে মৃত ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
হজ ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, এবার বাংলাদেশ থেকে মোট হজযাত্রী কোটা নির্ধারণ করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে এ বছর হজ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে।
হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































